University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পর্যটন কর্পোরেশনের হোটেল-রিসোর্টে পাবেন ৩৫ শতাংশ ছাড়

Published: 19-11-2026

latest news


বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৬।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত অতিথিদের আবাসন ও সম্মেলন সুবিধায় বিশেষ ছাড় দিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। 

চুক্তি অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, গবেষক, প্রশিক্ষণার্থী, প্রতিনিধি দল, পরামর্শক, অতিথি এবং বিভিন্ন সভা-সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন হোটেল, মোটেল ও রিসোর্টে আবাসিক কক্ষ এবং কনফারেন্স হল ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় পাবেন।

এ ছাড়া, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) নির্বাচিত প্রতিষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে প্রশিক্ষণ ফির ওপর সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ের সুযোগ রাখা হয়েছে।

সমঝোতা স্মারকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আকতার আহমেদ। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী সমঝোতা স্মারকটি ১৯ নভেম্বর ২০২৬ থেকে ১৮ নভেম্বর ২০৩০ পর্যন্ত চার বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত শর্ত সাপেক্ষে এর মেয়াদ নবায়নের সুযোগও রাখা হয়েছে। চুক্তির অন্যান্য শর্ত অনুযায়ী, হোটেল-মোটেলের আবাসিক কক্ষ বুকিংয়ের ক্ষেত্রে কমপক্ষে তিন দিন আগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে অবহিত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অনুমোদিত সদস্য তালিকাভুক্ত ব্যক্তিরাই এ সুবিধা গ্রহণ করতে পারবেন। সুবিধা গ্রহণের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিচয়পত্র বা অনুমোদনপত্র প্রদর্শন করতে হবে।

এ সমঝোতার ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ, গবেষণা, আবাসন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


মো. ফয়সল মাহমুদ 

উপপরিচালক (জনসংযোগ)