বরিশাল বিশ্ববিদ্যালয় ও SFOTIC-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর: গবেষণা, প্রযুক্তি ও শিল্প-একাডেমিয়া সহযোগিতায় নতুন সম্ভাবনা
Published: 18-11-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর ২০২৬।
একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ফ্রন্টিয়ার টেকনোলজি কনসালটিং প্রতিষ্ঠান SFOTIC-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির এবং SFOTIC-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মিফতাহ উদ্দিন।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, প্রকৌশল অনুষদের ডীন ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. রাহাত হোসেন ফয়সাল, পরিচালক (আইটি) ড. মন্জুর আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন মো. হারুন-অর-রশিদ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা কমিটির সদস্য-সচিব ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও বাণিজ্যিক সম্পৃক্ততার নতুন সুযোগ সৃষ্টি হবে। এ উদ্যোগের ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং শিল্প-একাডেমিয়া সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
