University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা

Published: 26-11-2026

latest news


বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৬ নভেম্বর ২০২৬।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন হলে সানেম ও ডিপের যৌথ আয়োজনে এ ডিসেমিনেশন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দারিদ্র্য বিমোচনে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট নয়, প্রয়োজন সুশাসন, কার্যকর নীতিনির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ। এ ক্ষেত্রে গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় তিনি আরও বলেন, সবার আগে আমাদের নিজেদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে এবং বাংলাদেশকে ধারণ করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর তাহলেই সর্বক্ষেত্রে সুশাসন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন। আলোচক হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া নমি। 

অনুষ্ঠানে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও বাংলাদেশের সুশাসন পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।


মো.ফয়সল মাহমুদ

উপপরিচালক (জনসংযোগ)