বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য মেডিনোভায় স্বাস্থ্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়
Published: 12-11-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২৬।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা দিতে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড, বরিশালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
১২ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির এবং মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন। চুক্তির আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার নির্ধারিত মূল্যের ওপর ৩০ শতাংশ ছাড় পাবেন। এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। তবে সরকারি নির্ধারিত মূল্যে পরিচালিত পরীক্ষা, যেমন-সিবিসি ও ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য হবে না। এছাড়া মেডিনোভার চেম্বারে চিকিৎসকের পরামর্শ গ্রহণের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না। চুক্তিটি ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।
এ চুক্তির ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
